ইউক্রেনের আকাশে রাশিয়ার সর্ববৃহৎ হামলা

রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বৃহৎ আকাশপথে হামলা চালিয়েছে। কিয়েভ বলছে, চলমান যুদ্ধে এবারই প্রথম একসঙ্গে এত বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মস্কো।

শনিবার (২৯ জুন) রাতভর চলা হামলায় ছোড়া হয় ৪৭৭টি ড্রোন এবং ৬০টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনীয় বিমানবাহিনীর দাবি, এর মধ্যে ২৪৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয় এবং ২০০টির বেশি ড্রোন ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে।

হামলায় দেশটির বহু বাড়িঘর, বিদ্যুৎকেন্দ্র ও বাণিজ্যিক স্থাপনায় আগুন ধরে যায়। নিহত হয়েছেন অন্তত ছয়জন। এখনো কিছু এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।

এই আক্রমণ প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস হয় এবং এর পাইলট নিহত হন। সেনাবাহিনী জানিয়েছে, হামলার আগে ওই পাইলট শত্রুপক্ষের সাতটি বিমান গুলি করে ভূপাতিত করতে সক্ষম হন। পরে তাঁর বিমানটি ক্ষতিগ্রস্ত হয়ে নিয়ন্ত্রণ হারায়।

২০২৪ সালে নেদারল্যান্ডস ও ডেনমার্ক থেকে সরবরাহ পাওয়া এফ-১৬ যুদ্ধবিমানের এটি ছিল একটি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তিন বছরের মধ্যে এটিকেই সবচেয়ে বড় আকাশপথে হামলা হিসেবে আখ্যা দিয়েছে কিয়েভ।

All Categories