ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি কেন স্যুট পরছেন না?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বাগযুদ্ধ নিয়ে রীতিমত বিশ্বজুড়ে আলোচনা চলছে। হোয়াইট হাউসে জেলেনস্কি গিয়েছিলেন সাদামাটা ভাবে। সাধারণত সবাই স্যুট পরে ওভাল অফিসে যান। সেখানে জেলেনস্কি ছিলেন ব্যতিক্রম।

তবে এজন্য অন্যরকম এক প্রশ্নের সম্মুখীন হন ইউক্রেনের প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে এক সাংবাদিক জেলেনস্কিকে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কার্যালয়ে তিনি স্যুট পরে আসেননি কেন? তার কি স্যুট নেই?

ইউক্রেনের প্রেসিডেন্ট তখন তাকে পাল্টা প্রশ্ন করেন, “আপনার তাতে কোনও সমস্যা?”

জবাবে সেই সাংবাদিক বলেন, “বহু আমেরিকানের এতে সমস্যা হতে পারে, যারা হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয়ের ড্রেস কোডকে সম্মান জানায় না।”

ইউক্রেনের প্রেসিডেন্ট তখন তাকে জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পর তিনি স্যুট পরবেন।

তিনি বলেন, “হ্যাঁ, যুদ্ধ শেষ হলে আমি স্যুট পরব। হয়তো আপনার মতো কোনও স্যুট বা এর থেকে ভালো কিছু। আমি ঠিক জানি না। দেখা যাক, কী হয়।  হয়তো আরও সস্তা কোনও স্যুট পরব। ধন্যবাদ।”

এনডিটিভি জানিয়েছে, জেলেনস্কি এই প্রথম কোনও বৈঠকে যোগ দিতে সাদামাটা পোশাক পরেছেন, তা নয়। এর আগে বিশ্বের অন্যান্য দেশের নেতাদের সঙ্গে বৈঠকেও তাকে এমন পোশাক পরতে দেখা যায়।

এমনকি ২০২৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণের সময়ও তাকে স্যুট-টাই পরতে দেখা যায়নি।

হোয়াইট হাউসে ওই সাংবাদিক জেলেনস্কির পোশাক নিয়ে ‘অনেক আমেরিকানের সমস্যা হতে পারে’ বললেও সামাজিক যোগাযোগমাধ্যম দেখে অবশ্য তেমনটা মনে হওয়ার উপায় নেই।


বরং সেখানে আমেরিকানরা ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষ নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের পোশাকের সমালোচনা করছেন।

এক এক্স ব্যবহারকারী প্রশ্ন তোলেন, “মন্ত্রিসভার বৈঠকে তো ইলন মাস্ক টি-শার্ট আর টুপি পরে যান। এ ধরনের পোশাক পরার পেছনে তার অজুহাত কী?”

গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ২৬ ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়।

সেখানে টি-শার্ট, ক্যাজুয়াল জ্যাকেট ও ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরে হাজির হন মাস্ক। সেই ছবি এক্সে পোস্ট করে একজন জানতে চান, “এই ব্যক্তি স্যুট পরেন না কেন?”

সামাজিক যোগাযোগমাধ্যমটিতে আরেকজন বলেছেন, “ইলন মাস্ককে যেখানে টি-শার্ট আর বেইসবল ক্যাপ পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেখানে প্রেসিডেন্ট জেলেনস্কির পোশাক নিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই।

“তারা কেন মাস্ককে জিজ্ঞেস করেন না, তার স্যুট আছে কি না বা তিনি কেন স্যুট পরেন না?”

All Categories