ইসরায়েলি হামলায় হামাস মুখপাত্র কানুয়া নিহত
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের মুখপাত্র আব্দুল-লতিফ আল-কানুয়া নিহত হয়েছেন।
আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মার্চ) ভোরে জাবালিয়া এলাকায় একটি তাঁবুতে আশ্রয় নেওয়ার সময় ইসরায়েলি যুদ্ধবিমানের হামলার শিকার হন তিনি। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল। সম্প্রতি গাজার আস-সাফতাওয়ি এলাকায় একটি বাড়িতে বিমান হামলা চালানো হলে একই পরিবারের ছয়জন সদস্য নিহত হন।
গত এক সপ্তাহে হামাসের একাধিক শীর্ষ নেতা ইসরায়েলি হামলায় প্রাণ হারান। রোববার খান ইউনিসের নাসের হাসপাতালে এক বিমান হামলায় হামাসের রাজনৈতিক দপ্তরের আর্থিক ও প্রতিষ্ঠান প্রধান ইসমাইল বারহুমসহ পাঁচজন নিহত হন।
একই দিন খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এক আশ্রয়কেন্দ্রে আরেকটি হামলায় হামাসের রাজনৈতিক নেতা ও ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য সালাহ আল-বারদাউইল এবং তার স্ত্রীর নিহত হওয়ার ঘটনা ঘটে।