ইসরায়েলের ওপর ইরানের পাল্টা ড্রোন হামলা

তেহরানে হামলার ঘটনায় ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। শুক্রবার ভোরে দেশটির দিকে একযোগে ১০০টির বেশি ড্রোন ছুড়ে পাঠায় তেহরান। এসব ড্রোন ভূপাতিত করতে ব্যস্ত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজ ভোরে এ হামলা শুরু হয়। ইরানি ড্রোন ছোড়ার বিভিন্ন ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ফুটেজে দেখা যায়, একটি ড্রোন ইরাকের আকাশসীমা অতিক্রম করছে। ধারণা করা হচ্ছে, সেটি ইসরায়েল অধিকৃত কোনো ভূখণ্ডে আঘাত হেনেছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনগুলোর মধ্যে শক্তিশালী ‘শাহেদ’ সিরিজের ড্রোনও রয়েছে। এর মধ্যে একটি ড্রোনকে ‘শাহেদ–১৩৬’ হিসেবে শনাক্ত করা হয়েছে। এটি পূর্ব ইরাকের ওপর দিয়ে নিচু হয়ে পশ্চিম দিকের পথে উড়ে যাচ্ছিল।

আইডিএফ বলছে, এই হামলার মাধ্যমে ইরান তার প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে ইরানের একটি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কমান্ডার ইন চিফ জেনারেল হোসেইন সালামি এবং দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি নিহত হন।

ইসরায়েলের ওই হামলায় নিহত হন আরও দুজন পরমাণু বিজ্ঞানী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, নিহত বিজ্ঞানীরা হলেন মোহাম্মদ মেহেদি তেহরানচি এবং ফেরেদুন আব্বাসি।

All Categories