ইসরায়েলি অবরোধে গাজায় অনাহারে ৩২৬ জনের মৃত্যু, মৃত্যুঝুঁকিতে ১৪ হাজার শিশু

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও সর্বাত্মক অবরোধে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে মানবিক সংকট। খাবার ও পানির মতো জরুরি পণ্যের তীব্র ঘাটতির কারণে ইতিমধ্যে অনাহারে মারা গেছেন অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি। এ পরিস্থিতিতে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন আরও অন্তত ১৪ হাজার শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ২ মার্চ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ করে দেয় ইসরায়েল। প্রায় ১১ সপ্তাহ পর চলতি সপ্তাহে খানিকটা ছাড় দেয় নেতানিয়াহু সরকার। জাতিসংঘ জানিয়েছে, এখন প্রতিদিন ১০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। অথচ সংকট মোকাবিলায় অঞ্চলটিতে প্রতিদিন অন্তত ৫০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।

জাতিসংঘ বলছে, সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি মিললেও মঙ্গলবার পর্যন্ত গাজায় কোনো ত্রাণসামগ্রী বিতরণ সম্ভব হয়নি। এতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তত ১৪ হাজার শিশু মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল মঙ্গলবার একদিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেছে ৯৮ জনের। গাজার চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত আট দিনে এই হামলায় নিহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি। আহত হয়েছেন বহু মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ১৯ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ হাজার ৬০০ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ২২ হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষের খোঁজ এখনো মেলেনি। ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

All Categories