ইসরায়েলি মোসাদের দুই এজেন্ট গ্রেপ্তার: ইরানের সংবাদমাধ্যম
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে ইরান। রোববার (১৫ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের নিকটবর্তী আলবোরজ পার্বত্য এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস প্রস্তুতের কাজে নিয়োজিত ছিলেন।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরান বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িত। দেশটি মোসাদের সঙ্গে কথিত সংযোগের অভিযোগে অনেককেই গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে, পারমাণবিক কর্মসূচি ধ্বংসের চেষ্টায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার নজির রয়েছে ইরানে।
এরই মধ্যে ইরান-ইসরাইল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীসহ একাধিক ব্যক্তি নিহত হয়েছেন। ইসরায়েলি এক কর্মকর্তা গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, এবার তারা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও টার্গেট করছেন। একইসঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসের পরিকল্পনাও রয়েছে তাদের।
ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরাও। এক বিবৃতিতে হাউথি মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় অবস্থিত একটি সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। পাল্টা হামলায় হাউথিদের সামরিক প্রধানকে হত্যার চেষ্টা করে ইসরায়েল, যাতে অন্তত ১০ জন নিহত হন বলে দাবি করা হয়েছে।
ইরানের পাল্টা হামলায় দ্বিতীয় রাতেও কেঁপে উঠেছে ইসরাইল। তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০০ জন। বাত ইয়াম এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে; সেখানে ৩৫ জন নিখোঁজ বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় প্রাণহানি শত ছাড়িয়েছে বলে দাবি স্থানীয় সূত্রগুলোর।