ইসরায়েলি হামলায় আল-জাজিরার একজনসহ দুই সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় পৃথক ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক নিহত হয়েছেন, তাদের একজন কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার হোসাম শাবাত। গতকাল সোমবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

উত্তর গাজার বেইত লাহিয়ার পূর্বাঞ্চলে শাবাতের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই এ হামলা হয়। শাবাতের সহকর্মী তারেক আবু আজ্জোউম জানান, ২৩ বছর বয়সী শাবাত আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন, তবু তিনি দায়িত্ব পালনে অবিচল ছিলেন।

মৃত্যুর আগে শাবাত তার শেষ কথাগুলো লিখে রেখে যান, যা পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। তিনি লেখেন, "আপনি এই লেখাটি পড়ার মানে হলো, আমাকে হত্যা করা হয়েছে — সম্ভবত অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায়।" শাবাত আরও বলেন, "যুদ্ধের ১৮ মাসের প্রতিটি মুহূর্ত আমি আমার দেশের মানুষ, ফিলিস্তিনি জনগণের প্রতি নিবেদন করেছি।তিনি বিশ্ববাসীর উদ্দেশে অনুরোধ করেন, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না, যতদিন পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হয়।

একই দিন দক্ষিণ গাজার খান ইউনিসে আরেকটি ইসরায়েলি হামলায় নিহত হন প্যালেস্টাইন টুডে পত্রিকার সাংবাদিক মোহাম্মদ মানসুর। আল জাজিরার তারেক জানান, মানসুরের বাড়িতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়, যেখানে মানসুরের পাশাপাশি তার স্ত্রী ও ছেলেও প্রাণ হারান।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় (জিএমও) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত মোট ২০৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

All Categories