ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে ফাঁসি দিল ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্যে দেশটিতে সরঞ্জাম আনার অভিযোগে ইরানে তিন ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। আজ বুধবার দেশটির বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজান এ তথ্য জানিয়েছে।

মিজানের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে জানায়, দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন—ইদ্রিস আলী, আজাদ শোজাই ও রাসুল আহমদ রাসুল। তাদের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে সহযোগিতামূলক কর্মকাণ্ড পরিচালনা এবং ইরানে নাশকতার উদ্দেশ্যে সরঞ্জাম পাচারের অভিযোগ আনা হয়।

ইরানের বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই তিন ব্যক্তি ইসরায়েলের পক্ষ হয়ে কাজ করতেন এবং হত্যাকাণ্ড চালানোর জন্য ইরানে অস্ত্র ও সরঞ্জাম আনতে চেয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং আজ সকালে রায় কার্যকর করা হয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে, সাম্প্রতিক ১২ দিনের সংঘাত চলাকালে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৭০০ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।

তেহরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করতে ইসরায়েল বিভিন্ন ধরনের গুপ্তচরবৃত্তি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালায়। এ ধরনের মামলা দেশটির কর্তৃপক্ষ ‘জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ’ হিসেবে দেখে থাকে।

All Categories