ইসরায়েলের হামলায় গাজায় হামাসের শীর্ষ নেতা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির কর্মকর্তারা।

তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর একজন সদস্য ছিলেন। গাজার দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় চালানো এই হামলায় তিনি তাঁর স্ত্রীসহ নিহত হন।

গাজায় কয়েক দিন ধরে ইসরায়েলের তুমুল হামলার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। একইসঙ্গে, দক্ষিণ লেবাননেও ইসরায়েলি বাহিনী আক্রমণ চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করেছে। এতে চার মাস আগে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ইয়েমেনের সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আস-সালিফ বন্দরে আরও একটি বিমান হামলা চালিয়েছে।

গাজায় চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ১৩ হাজার ফিলিস্তিনি। অন্যদিকে, গাজার ‘গভর্নমেন্ট মিডিয়া অফিস’ দাবি করেছে, নিহত মানুষের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনের বেশি। তারা আরও জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

ক্রমশ অবনতিশীল এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে।

All Categories