ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা অর্থহীন: ইরান
ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এখন অর্থহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে ইরান। দেশটির অভিযোগ, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল ইরানে হামলা চালাতে পারত না।
শুক্রবার (১৩ জুন) তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি বার্তা সংস্থা তাসনিমকে বলেন, “যুক্তরাষ্ট্র এমন আচরণ করেছে, যা তাদের সঙ্গে সংলাপকে অর্থহীন করে তুলেছে। আপনি একই সঙ্গে ইসরায়েলকে সমর্থন আর ইরানের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা করতে পারেন না।”
তিনি আরও বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, ইসরায়েলের এ ধরনের হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্মতি ছিল। তারা না চাইলে ইসরায়েল এ পদক্ষেপ নিতে পারত না।”
এর আগে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ তোলে তেহরান। যদিও ওয়াশিংটন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করাই ইরানের জন্য যুক্তিসংগত পদক্ষেপ হবে।
এ অবস্থায় আগামী রবিবার ওমানের রাজধানী মাস্কটে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ছয় দফা আলোচনার পরবর্তী পর্ব হওয়ার কথা থাকলেও সেটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।ইসরায়েলের হামলার পর ওই আলোচনা আদৌ হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।