ইসরায়েলের গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছে সরকার। শুক্রবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবের ভিত্তিতে রোনেন বারকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। খবরটি নিশ্চিত করেছে আল জাজিরা ও এনডিটিভি।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং আইএসএ পরিচালক রোনেন বার ১০ এপ্রিলের মধ্যে অথবা তার উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

রোনেন বার ২০২১ সালে শিন বেতের প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর থেকে তার ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হামলার আগে থেকেই নেতানিয়াহু ও রোনেন বারের মধ্যে সম্পর্কে টানাপোড়েন ছিল। হামলার সময় গোয়েন্দা ব্যর্থতার দায়ভার নিয়ে রোনেন বারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় এবং এর ফলে দুজনের মধ্যে দূরত্ব আরও বেড়ে যায়।

হামাসের সেই হামলায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পায়, যা রোনেন বারের নেতৃত্বাধীন গোয়েন্দা সংস্থার ওপর ব্যাপক সমালোচনা এনে দেয়। শেষ পর্যন্ত, নেতানিয়াহু সরকার রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়, যা ইসরায়েলের ইতিহাসে আইএসএ প্রধানকে অপসারণের প্রথম নজির হিসেবে চিহ্নিত হয়েছে।

All Categories