ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন

ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। রিপাবলিকান কংগ্রেস সদস্য আর্ল ‘বাডি’ কার্টার নরওয়ের নোবেল কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ট্রাম্পকে মনোনীত করেন। খবর আরটি-র।

চিঠিতে বাডি কার্টার উল্লেখ করেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অসাধারণ ও ঐতিহাসিক। এই উদ্যোগের মাধ্যমে তিনি একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘাত এড়াতে সহায়ক হয়েছেন।

গত দুই সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সহিংসতায় দুই দেশের বহু মানুষ হতাহত হন। একপর্যায়ে ট্রাম্প নিজ উদ্যোগে উভয় পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং পরে একটি সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেন।

তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরেই উভয় দেশ একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। এ ঘটনার পর ট্রাম্প আবারও কড়া হুঁশিয়ারি দেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, তাঁর সতর্কতার পর ইসরায়েল নতুন করে কোনো হামলায় যায়নি।

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, এসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে তেহরান জানিয়েছে, তাদের কোনো স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়নি এবং তারা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে।

এর আগেও ট্রাম্পকে একাধিকবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে কখনোই তিনি এই পুরস্কার পাননি।

নরওয়ের নোবেল কমিটি এখনো ২০২৫ সালের শান্তি পুরস্কারের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের এই মনোনয়ন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।

 

 

 

All Categories