ইশরাককে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্টে রিট খারিজ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ নিতে না দেওয়ার নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার শপথগ্রহণে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আদালতের এই আদেশের ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই। আগামী ২৬ মে’র মধ্যে তাকে শপথ না পড়ালে আদালত অবমাননার শামিল হবে।

এর আগে, ২১ মে রিটের শুনানির জন্য দিন ধার্য থাকলেও আদালত তা পিছিয়ে পরদিন ২২ মে নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পরাজিত করেন। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক ২০২০ সালের ৩ মার্চ নির্বাচনের ফল বাতিল চেয়ে মামলা করেন।

চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই নির্বাচনের ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেন।

এরপর রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ঘোষণা করে।

ইতোমধ্যে মেয়র পদে দায়িত্ব নেওয়ার দাবিতে ইশরাক হোসেনের সমর্থকরা রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও শপথ না হওয়ায় তাঁরা বারবার শপথ গ্রহণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

All Categories