ইসলামিক এনজিওগুলোকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

মুসলিম বিশ্বে দারিদ্র্য বিমোচন ও স্বাস্থ্যসেবা উন্নয়নে আরও বেশি সামাজিক ব্যবসায় উদ্যোগ নিতে ইসলামিক এনজিওগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের এনজিও নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় ড. ইউনূস বলেন, “আমরা নারীদের ক্ষমতায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে দরিদ্র মানুষের জন্য স্বাস্থ্যসেবা একটি বড় চ্যালেঞ্জ। আমরা এটিকে দারিদ্র্য নিরসনে একটি কার্যকর মাধ্যম হিসেবে দেখছি। আর এই সহায়তাকে আরও টেকসই করতে হলে আমাদের সামাজিক ব্যবসার দিকে যেতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্বের তরুণদের এখন সামাজিক ব্যবসার ধারণা গ্রহণ করে উদ্যোক্তা হওয়ার দিকে এগিয়ে আসা উচিত।”

সভায় অংশ নেওয়া এনজিও নেতারা জানান, ড. ইউনূসের সামাজিক ব্যবসার মডেল তাদের নিজ নিজ দেশে অনুরূপ উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন তুরস্কের দ্য ইউনিয়ন অব এনজিওস অব দ্য ইসলামিক ওয়ার্ল্ডের (ইউএনআইডব্লিউ) মহাসচিব আইয়ুপ আকবাল, অ্যাসেম্বলি অব টার্কিশ আমেরিকান অ্যাসোসিয়েশন্সের প্রতিনিধি মুহাম্মদ হুসেইন আক্তা, মালয়েশিয়ার ওয়াদাহ এবং ইউএনআইডব্লিউয়ের উপমহাসচিব ফাওয়াজ বিন হাসবুল্লাহ, পাকিস্তানের আল-খিদমত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ইউএনআইডব্লিউয়ের উপমহাসচিব মুহাম্মদ আবদুস শাকুর এবং ইন্দোনেশিয়ার ইউএনআইডব্লিউ অডিটিং বোর্ডের সদস্য ড. সালামুন বশরি।

বাংলাদেশের পক্ষে সভায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিআইআইটির প্রেসিডেন্ট প্রফেসর মাহবুব আহমেদ, এসএসডব্লিউএবির চেয়ারম্যান ও ইউএনআইডব্লিউর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য এস এম রাশেদুজ্জামান, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউএনআইডব্লিউ কাউন্সিল সদস্য ড. আলী আফজাল এবং বিআইআইটির মহাপরিচালক ও আইআইআইটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. এম আবদুল আজিজ।

All Categories