ইরানিরা আত্মসমর্পণ করে না: খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবির জবাবে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, “ইরান, এর জনগণ এবং এর ইতিহাস সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা কখনোই এই জাতির সঙ্গে হুমকির ভাষায় কথা বলেন না। কারণ ইরানিরা আত্মসমর্পণ করে না।”
বুধবার (১৮ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই বিবৃতি পাঠ করেন উপস্থাপক। আয়াতোল্লাহ খামেনি নিজে উপস্থিত না থাকলেও তার বার্তা ছিল পরিষ্কার: ইরান কারও চাপের মুখে মাথা নত করবে না।
বিবৃতিতে আরও বলা হয়, “মার্কিন সামরিক হস্তক্ষেপের যেকোনো রূপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।”
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যেই ট্রাম্প প্রশাসনের এই আগ্রাসী কণ্ঠে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়ছে। গত মঙ্গলবার ট্রাম্প বলেন, “ইরান যদি অঞ্চলজুড়ে সহিংসতা ছড়িয়ে দিতে চায়, তাহলে তাদের নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে হবে।” তার এই মন্তব্যের পরই খামেনির কড়া প্রতিক্রিয়া আসে।
এর আগে ইসরায়েলি হামলায় ইরানে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন। ওই ঘটনার পর খামেনি ভিডিও বার্তায় বলেছিলেন, ইসরায়েল ‘মারাত্মক ভুল’ করেছে এবং এর ফল ভোগ করতেই হবে। তিনি জানিয়েছিলেন, ইরান শত্রুকে কোনো ছাড় দেবে না।