ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত: পুলিশ

ইরানের অভ্যন্তরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা ও ড্রোনবাহী যান শনাক্ত করার দাবি করেছে দেশটির পুলিশ। পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ইরানের লেবার নিউজ এজেন্সি।

তিনি জানান, ইসরায়েলের পাঠানো ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত উল্লেখ না করা হলেও আঞ্চলিক উত্তেজনার মধ্যে এমন তথ্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর মধ্যেই আজ বুধবার সকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। রাজধানী তেহরানে প্রেসিডেন্ট ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফসহ মন্ত্রিসভার অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা। তাসনিম প্রকাশিত ছবিতে তাদের একসঙ্গে আলোচনায় বসতে দেখা গেছে।

বিশ্লেষকেরা বলছেন, ইসরায়েলি হামলার আশঙ্কা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কার মধ্যেই এই বৈঠক বড় ধরনের রাজনৈতিক সংকেত বহন করছে।

চলমান ইসরায়েল-ইরান সংঘাতে সামরিক ও সাইবার হামলার পাশাপাশি আকাশপথে নজরদারি ও ড্রোন হামলার মাত্রাও বাড়ছে।

All Categories