ইরানের তিন ক্ষেপণাস্ত্র কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা
ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
শুক্রবার (২০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইসরায়েলি বাহিনীর ভাষ্যমতে, ওই কেন্দ্রগুলো থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তেই এই হামলা চালানো হয়। এতে এক ইরানি কমান্ডার নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। নিহত কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে দাবি ইসরায়েলের।
অন্যদিকে, ইরান ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা-ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পরপরই উদ্ধারকারী দল কাজ শুরু করেছে এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।