ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেয়ির জাতির উদ্দেশে ভাষণ
ইরানের বিভিন্ন স্থানে ইসরায়েলের ধারাবাহিক হামলায় শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি।
বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওবার্তায় খামেনেয়ি নিহতদের ‘শহিদ’ উল্লেখ করে শোক ও সমবেদনা জানান এবং তাদের পরিবারকে অভিনন্দনও জানান, কারণ ‘তারা আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
খামেনেয়ি বলেন, আমাদের প্রিয় কয়েকজন কমান্ডার, বিজ্ঞানী ও বেসামরিক ভাই শহিদ হয়েছেন। এটি কষ্টদায়ক হলেও একইসঙ্গে সম্মানজনক। আমি মহান আল্লাহর কাছে তাঁদের জন্য উচ্চ মর্যাদা ও বিশেষ করুণা কামনা করছি।
ইসরায়েলকে হুঁশিয়ার করে তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ভুল করেছে। এর ফল ভোগ করতেই হবে। তাদের এ হামলা কেবল শুরু—শেষ নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান ও এর জনগণ শহিদদের রক্ত বৃথা যেতে দেবে না।
জাতির প্রতি আশ্বাস দিয়ে খামেনেয়ি বলেন, আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। শত্রুকে প্রতিহত করতে তারা উপযুক্ত সময়ের অপেক্ষায়। দেশের রাজনৈতিক নেতৃত্ব, সব দল, সংগঠন ও সাধারণ মানুষ এ মুহূর্তে ঐক্যবদ্ধ। সকলের বার্তা একটাই—ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
তিনি বলেন, ইসরায়েল ভাবছে তারা আঘাত করে থেমে যাবে, কিন্তু তা হবে না। তারা যুদ্ধ শুরু করেছে, এর দায় এড়িয়ে যেতে পারবে না। ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী তাদের ওপর কঠিন আঘাত হানবেই।
খামেনেয়ি তার ভাষণে বারবার ‘ইহুদিবাদী’ শব্দ ব্যবহার করে ইসরায়েলের আগ্রাসনকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে উল্লেখ করেন। বলেন, “ইহুদিবাদীদের জীবন আমরা অতিষ্ট করে তুলব। তাদের এ অপরাধ মাফ করা হবে না।