ইরানের পর এবার গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলার উত্তাপ এবার ছড়িয়ে পড়েছে গাজা উপত্যকায়। শনিবার (১৫ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে রকেট নিক্ষেপ করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার আশপাশের এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ছোড়া দুটি রকেট খোলা জায়গায় পড়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাতভর ইরান-ইসরায়েলের মধ্যে তীব্র পাল্টা হামলার প্রেক্ষাপটে এই রকেট হামলা সংঘটিত হয়। বিশ্লেষকেরা বলছেন, এতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, ইরানের পাল্টা হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক বলেছেন, ইরান প্রমাণ করেছে, আগ্রাসন করলে তার জবাব দিতে হবে। কোনো ঔদ্ধত্যই বিনা জবাবে পার পায় না, কোনো আগ্রাসনই শাস্তি ছাড়াই শেষ হয় না।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন তাদের ভেতরে প্রবেশ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এটি একটি স্পষ্ট বার্তা—যে হামলা করবে, তাকে এর মূল্য দিতে হবে।
রিশেকের ভাষায়, ইরানের এই সাহসী পদক্ষেপ গোটা অঞ্চলের প্রতিরোধ আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। হামাস ইরানের এই জবাবকে স্বাগত জানায়।
সূত্র: আল জাজিরা