ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

ইরানের কোম শহরে বিমান হামলায় কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাইদ ইজাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ এই দাবি করেন। খবর আল-জাজিরার।

শনিবার (২১ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে ওই হামলা চালানো হয়। এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়। তবে সাইদ ইজাদি ও ওই কিশোর একই হামলায় নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাইদ ইজাদির মৃত্যুর কথা জানিয়ে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের গণহত্যার আগে ইজাদি তাদের অর্থ ও অস্ত্র সহায়তা দিয়েছিলেন। তাঁকে হত্যা ইসরাইলি গোয়েন্দা ও বিমান বাহিনীর বড় সাফল্য। এটি নিহত ও অপহৃতদের জন্য ন্যায়বিচার।

তিনি আরও বলেন, ইসরাইলের লম্বা হাত তার সব শত্রুদের কাছে পৌঁছাবে।

ইসরাইলের এই দাবির বিষয়ে ইরান এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

গত ১৩ জুন থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। পাল্টা জবাবে তেহরানও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে।

ইসরাইলি সরকারের তথ্যমতে, ইরানের হামলায় দেশটিতে এখন পর্যন্ত ২৫ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে, ইরানি গণমাধ্যম বলছে, ইসরাইলি হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন।

All Categories