ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়ে ১৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের
ইরানের ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়ে অন্তত ১৫টি সামরিক বিমান ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।
আইডিএফ জানায়, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে অবস্থিত এসব বিমানবন্দুতে ড্রোন হামলা চালানো হয়। এতে ভূগর্ভস্থ বাংকার ও রানওয়েগুলোরও বড় ধরনের ক্ষতি হয়েছে।
তাদের দাবি অনুযায়ী, ধ্বংস হওয়া বিমানের মধ্যে রয়েছে মার্কিন নির্মিত এফ-১৫ ও এফ-৫ মডেলের যুদ্ধবিমান, একটি রিফুয়েলিং (ইন্ধন সরবরাহকারী) বিমান এবং একটি এএইচ-১ কোবরা অ্যাটাক হেলিকপ্টার।
তবে হামলাটি ঠিক কখন সংঘটিত হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি আইডিএফ।
ইরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত হামলার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রগুলো থেকেও এই বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।