ইরানের বিরুদ্ধে সকল লক্ষ্য অর্জন করেছে ইসরায়েল

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সব কৌশলগত লক্ষ্য অর্জনের দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি সফলভাবে মোকাবিলা করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল।

মঙ্গলবার (২৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেল আবিব থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সঙ্গে কেবিনেট বৈঠকে মিলিত হন। সেখানে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়।

ইসরায়েলি বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের মাধ্যমে ইরানের সামরিক নেতৃত্ব ও কেন্দ্রীয় সরকারের একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে ইরানের অন্তত কয়েক ডজন গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। তেহরানের কেন্দ্রস্থলে চালানো হামলায় শত শত আধা সামরিক সদস্য নিহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইসরায়েল আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটি ইরানের একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যাও করেছে।

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সরকার। তবে এর শর্ত লঙ্ঘন হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। নেতানিয়াহুর প্রশাসন বলেছে, “আমাদের উদ্দেশ্য অর্জিত হয়েছে, তাই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। কিন্তু প্রয়োজনে আবারও ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত।

All Categories