ইরানে ভয়াবহ বিস্ফোরণ, আহত শত শত

ইরানের দক্ষিণাঞ্চলে বন্দর আব্বাসের কাছে অবস্থিত শহীদ রাজাই বন্দরে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে এবং পশ্চিম বন্দর আব্বাসের কিছু শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এখন পর্যন্ত কমপক্ষে ৫১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, রাজধানী তেহরান থেকে প্রায় ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজাই বন্দর ইরানের সবচেয়ে উন্নত কন্টেইনার বন্দর। এই বন্দরটি হরমুজ প্রণালীর উত্তরে, বন্দর আব্বাস শহর থেকে ২৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। উল্লেখ্য, এই প্রণালী দিয়েই বিশ্বের মোট তেল উৎপাদনের এক পঞ্চমাংশ পরিবাহিত হয়।

বিস্ফোরণের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

হরমোজগান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা দলগুলিকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতদের নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ‘বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তদন্ত চলছে।এখনো পর্যন্ত নিহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

All Categories