ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের
ইরানে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে তারা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে।
শনিবার (১৪ জুন) সকালে আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, “ইসরায়েলের জন্য হুমকিস্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বিমান বাহিনী। এই অভিযানের মূল লক্ষ্য ইসরায়েলের নিরাপত্তার জন্য যেকোনো ধরনের হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করা।
এর আগে শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েল প্রথম দফায় হামলা চালায়। এই হামলাকে 'অপারেশন রাইজিং লায়ন' নামে অভিহিত করেছে তেল আবিব।
ইরানের সরকারি সূত্র জানিয়েছে, ইসরায়েলের সেই হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ডের (আইআরজিসি) প্রধান এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীও রয়েছেন।
হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা কয়েকটি হামলা প্রতিহত করেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছে। তবে হামলার ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি বিষয়ে বিস্তারিত জানায়নি তেহরান।
বিশ্লেষকেরা বলছেন, ইরানে ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে, যতক্ষণ না ইরান পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে, ততক্ষণ এই অভিযান চলবে। IDF-এর বিবৃতিতেও সেই বার্তাই স্পষ্ট।