ইরানে হামলা চালাল ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরসহ একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্য ইরানের নাতাঞ্জে পারমাণবিক স্থাপনাতেও আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানি রাষ্ট্রীয় টিভি। তেহরানজুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যার মধ্যে কিছু আবাসিক ভবনের কাছাকাছিও।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী একে ‘আগাম প্রতিরোধমূলক হামলা’ বলে উল্লেখ করে জানান, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিরোধে এই অভিযান চালানো হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এই অভিযানের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক ক্ষমতা ধ্বংস করা। তিনি আরও জানান, প্রয়োজন হলে অভিযান চলমান থাকবে।
ইসরায়েলের এই হামলার পর দেশজুড়ে জারি করা হয়েছে ‘বিশেষ জরুরি অবস্থা’। অপরদিকে, ইরানের তেহরান শহরের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
তবে এখনো হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো অংশগ্রহণ নেই। আমাদের একমাত্র লক্ষ্য—মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করা।”