ইরান-ইসরায়েল সংঘাত: ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই পাল্টাপাল্টি হামলা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও তেহরান ও ইসরায়েল দুই দেশেই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
ইরানের আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমের বরাতে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে ইসরায়েল।
হামলার বেশকিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তেহরানের উপকণ্ঠে মেহরান আর ডিস্ট্রিক্ট ৬ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। এর পরই তেহরানে হামলার খবর পাওয়া গেল।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। 
আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’
দেশটির সামরিক বাহিনীর বরাতে বিবিসি জানিয়েছে,ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এ এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। 
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।
যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’
 

All Categories