ইন্দোনেশিয়ায় রোজা শুরু শনিবার, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে রোববার
সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। সে হিসেবে আজ শুক্রবার রাতেই পড়া হবে প্রথম রোজার তারাবির নামাজ।
দেশটির সংবাদমাধ্যম অন্তরা জানিয়েছে, দেশটির ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় সময় সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম ভবনে ‘ইসবাত’-এর বৈঠক হয়। সেখানে ধর্মীয় ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার থেকে প্রথম রমজান উদযাপন করা হবে।
দেশটির ধর্মমন্ত্রী নাসরুদ্দিন ওমর এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ইসবাত বৈঠকে সবাই এই সিদ্ধান্তে উপনীত হয় যে, শনিবার (১ মার্চ) ১৪৪৬ হিজরি সনের রমজান মাস শুরু হতে যাচ্ছে।”
ইন্দোনেশিয়ায় শনিবার থেকেই রমজান শুরু হলেও তাদের প্রতিবেশী মালয়েশিয়া ও ব্রুনাইয়ে ২ মার্চ থেকে রমজান শুরু হতে যাচ্ছে। দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে।
এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১ মার্চ রমজান শুরুর ঘোষণা দেয়।