ইফতারিতে দই-চিড়ার অনন্য স্বাদ
রমজানে দীর্ঘ সময় রোজা রাখার পর শরীর ক্লান্ত ও পানিশূন্য হয়ে পড়ে। তাই ইফতারে এমন খাবার বেছে নেওয়া প্রয়োজন, যা সহজে হজম হয়, পুষ্টিকর এবং দ্রুত শক্তি জোগাতে সক্ষম। এ ক্ষেত্রে দই-চিড়া হতে পারে আদর্শ ও স্বাস্থ্যকর একটি বিকল্প। এটি শুধু সুস্বাদু নয়, বরং সহজপ্রস্তুত ও পুষ্টিগুণে ভরপুর একটি খাবার।
দই-চিড়ার পুষ্টিগুণ:
তাৎক্ষণিক শক্তি সরবরাহ: সারাদিন রোজা রাখার পর শরীর দুর্বল হয়ে পড়ে। চিড়ায় থাকা প্রচুর শর্করা দ্রুত গ্লুকোজে রূপান্তরিত হয়ে শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়, যা ইফতারের জন্য একদম উপযোগী।
পানিশূন্যতা দূর: দীর্ঘ সময় পানি না খাওয়ার ফলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। দই এ ঘাটতি পূরণে সহায়তা করে। বিশেষ করে গরমের সময়ে দই শরীরের পানি ও লবণের ভারসাম্য রক্ষা করতে কার্যকর।
সহজ হজম ও পাকস্থলীর আরাম: ভারী ও তেল-মশলাযুক্ত খাবারের বদলে দই-চিড়া সহজে হজম হয় এবং পাকস্থলীর আরামদায়ক। দইয়ের প্রোবায়োটিক উপাদান হজমশক্তি বাড়ায় ও গ্যাস্ট্রিকের সমস্যা কমায়।
ওজন নিয়ন্ত্রণ: তেল-চর্বিযুক্ত খাবারের তুলনায় দই-চিড়া কম ক্যালোরিযুক্ত এবং ফাইবারসমৃদ্ধ। এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ও অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
প্রোটিনের ভালো উৎস: দই উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ, যা কোষ পুনর্গঠন ও পেশি গঠনে সাহায্য করে। বিশেষ করে, যারা রোজার সময়ও ব্যায়াম বা পরিশ্রম করেন, তাদের জন্য এটি চমৎকার বিকল্প।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়ক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া দইয়ের ভিটামিন ও মিনারেল শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।
যেভাবে খাবেন:
এক কাপ চিড়া পানিতে ভিজিয়ে নরম করে নিন।এতে দুই-তিন টেবিল চামচ দই মিশিয়ে দিন।স্বাদ বাড়াতে মধু, গুড় বা ফলের টুকরো যোগ করুন।চাইলে সামান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন।
এই রমজানে ভারী ও ভাজাপোড়া খাবারের পরিবর্তে পুষ্টিকর দই-চিড়া যোগ করুন আপনার ইফতারের মেনুতে। সুস্থ ও সতেজ থাকুন!