ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সোমবার উদ্বোধন হলো ই-পারিবারিক আদালত। নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে দেশের বিচার প্রক্রিয়ায় ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ই-পারিবারিক আদালত চালুর ফলে মামলার কার্যক্রম আরও দ্রুত হবে, সময় বাঁচবে এবং জটিলতা কমবে। পারিবারিক মামলায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নাগরিকদের সুবিধা ও স্বচ্ছতা নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার কাজের ধরন তুলে ধরে ড. আসিফ বলেন, “প্রধান উপদেষ্টার সবচেয়ে বড় অফিস হলো হোয়াটসঅ্যাপ। তিনি হোয়াটসঅ্যাপেই বেশি কাজ করেন। কাজেই আমাদেরও ডিজিটালাইজেশনের দিকে এগোতে হবে। তিনি উপস্থিতদের উদ্দেশে আরও বলেন, “আমাদেরকে ধন্যবাদ দেয়ার প্রয়োজন নেই; কেবল আপনারা এটাকে সন্তানের মতো দেখে রাখবেন।

আইন মন্ত্রণালয়ে ২১টি সংস্কার সম্পন্ন হয়েছে জানিয়ে ড. আসিফ আশা প্রকাশ করেন, পরবর্তী সরকার এগুলো বহাল রাখবে। তিনি বলেন, বিনা পয়সায় লিগ্যাল এইডে গিয়ে বিচার পাওয়া যাবে। পারিবারিক মামলার ক্ষেত্রে আমরা এটি বাধ্যতামূলক করেছি। বর্তমানে ২০টি জেলায় চালু আছে, শিগগিরই ৬৪ জেলায় সম্প্রসারণ করা হবে। আশা করি, ৫ বছরের মধ্যে মামলার জট ৫০ শতাংশ কমে যাবে।

সংস্কার বাস্তবায়নে ধৈর্যের প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সিঙ্গাপুরকে সংস্কার করতে লি কুয়ান ইউর ১০ বছর লেগেছিল। সংস্কার রাতারাতি সম্ভব নয়। যা দেশের মানুষ গ্রহণ করতে পারবে না, সেই সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা রাষ্ট্রকাঠামো দুর্বল করতে পারে। তাই বাস্তববাদী হওয়া জরুরি।

ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে বিচারক, আইনজীবী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিচার ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

All Categories