হত্যাচেষ্টার মামলায় ডিবি কার্যালয়ে নুসরাত ফারিয়া, সোমবার তোলা হবে আদালতে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টার মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলা রয়েছে। সে কারণেই বিদেশে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (সোমবার) তাকে আদালতে তোলা হবে।

পুলিশ জানায়, গত এপ্রিল মাসে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয় আদালতের নির্দেশে। মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি। এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে কাজ করেছেন নুসরাত ফারিয়া। এ ছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন পর্যায়ের রাজনীতিক, সরকারসংশ্লিষ্ট ব্যক্তি এবং জনপ্রিয় কয়েকজন অভিনয়শিল্পীসহ মোট ২৮৩ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকেও আসামির তালিকায় রাখা হয়েছে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, “সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ আমাদের জানায়, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। এরপর তাকে আমাদের হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় না এনে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে মামলার তদন্ত করছে থানা পুলিশ।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে নুসরাত ফারিয়ার। এরপর ‘বস টু’, ‘ইন্সপেক্টর নটি কে’, ‘ঢাকা ২০৪০’সহ বেশ কয়েকটি বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন।

All Categories