হজযাত্রীদের জন্য বিরাট চমক

আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। বিমান ভাড়া কিছুটা কমায় এবার মোট খরচও কমতে পারে। রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নির্বাহী কমিটির বৈঠক শেষে প্যাকেজ ঘোষণা করা হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এবার সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হবে। চলতি বছর দুইটি প্যাকেজ ছিল। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায়ও একটি ন্যূনতম প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে, এর নিচে কোনো এজেন্সি প্যাকেজ দিতে পারবে না।

চলতি বছর বিমান ভাড়া ছিল এক লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। আগামী বছর তা দাঁড়াবে এক লাখ ৫৫ হাজার থেকে এক লাখ ৬০ হাজার টাকার মধ্যে। ফলে খরচ কমবে ৮ থেকে ১০ হাজার টাকা।

সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত তিনটি প্যাকেজের মধ্যে একটি হবে হারাম শরীফের একেবারে কাছাকাছি ৫০০–৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধাসহ। এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ। আরেকটি প্যাকেজ থাকবে হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে, যা চলতি বছরের প্যাকেজ-১ এর আপডেট সংস্করণ। তৃতীয় প্যাকেজটি হবে আজিজিয়া এলাকায়, যেটি হবে সবচেয়ে সাশ্রয়ী এবং এতে প্রায় সাড়ে চার লাখ টাকায় হজ পালন করা যাবে।

হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে ৩৩ ব্যাংক এবং ১৫৫টি এজেন্সি। তবে, খাবার খরচ ও কোরবানি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে শনিবার।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী এবার হজ কার্যক্রম শেষ করতে হবে আগেভাগেই। কোটা অনুযায়ী আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মিলিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন।

প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে গত ২৭ জুলাই। পূর্ণাঙ্গ নিবন্ধন শেষ করতে হবে আগামী ১২ অক্টোবরের মধ্যে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

All Categories