হার্ভার্ড একটি তামাশার জায়গা, এটি ঘৃণা ও মূর্খতা শেখায়: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, প্রতিষ্ঠানটি ঘৃণা ও মূর্খতা শেখায়। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, হার্ভার্ড এখন আর সম্মানজনক কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় থাকার যোগ্যতা হারিয়েছে। তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়কে আর কোনো কেন্দ্রীয় সরকারি তহবিল দেওয়া উচিত হবে না।
ট্রাম্প দাবি করেছেন, বাইরের রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃতি জানানোর পরিপ্রেক্ষিতে হার্ভার্ডের সরকারি গবেষণা তহবিল বাতিল করা উচিত।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প প্রশাসন এরই মধ্যে অভ্যন্তরীণ রাজস্ব সংস্থা (আইআরএস)–কে অনুরোধ করেছে, যাতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কর-ছাড় সুবিধা বাতিল করা হয়। এর এক দিন আগেই ট্রাম্প এই সুবিধা বাতিলের হুমকি দিয়েছিলেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ট্রাম্পের এই ক্ষোভের পেছনে রয়েছে ভর্তি প্রক্রিয়া, নিয়োগ এবং রাজনৈতিক মতাদর্শের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ মেনে না নেওয়ার বিষয়টি। হার্ভার্ড কর্তৃপক্ষ এসব ক্ষেত্রে ‘কোনো আপস করবে না’ বলে জানিয়ে দিয়েছে।
বিশ্বখ্যাত এই বিশ্ববিদ্যালয়টি ১৬২ জন নোবেলজয়ীর গৌরব বহন করছে। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার সম্প্রতি বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক অধিকার বা নীতিমালা নিয়ে তারা কোনো আলোচনা করবে না।
প্রেসিডেন্ট ট্রাম্প এ সপ্তাহে হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত ২২০ কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার তিনি বলেন, হার্ভার্ড যদি পিছু না হটে, তবে অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে তাদের কর-ছাড় সুবিধাও বাতিল হবে।
সিএনএন ও ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ট্রাম্পের এই ঘোষণার পর আইআরএস এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।