হামের টিকা কেনা ও বিতরণে বিলম্ব-অনিয়মের তদন্তে সাবেক বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বে কমিশন, দায় নির্ধারণ হবে অন্তর্বর্তী সরকারেরও

দেশে হামের টিকা কেনা ও বিতরণে দেরি, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করেছে সরকার। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের দায়ও এই কমিশন নির্ধারণ করবে।

মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার (৪ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে কমিশনের সভাপতি করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, টিকা কেনা ও বিতরণের কাজ কেন পিছিয়েছে, তাতে কোনো অনিয়ম বা প্রশাসনিক গাফিলতি ছিল কি না এবং এর জন্য কারা দায়ী, তা খুঁজে বের করবে কমিশন। ভবিষ্যতে এমন পরিস্থিতি ঠেকাতে করণীয় নিয়েও সুপারিশ দেবে তারা। প্রয়োজনে সংশ্লিষ্ট অন্য বিষয়েও মতামত দিতে পারবে কমিশন।

তদন্তের জন্য কমিশনকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে। দেশের যেকোনো জায়গা পরিদর্শন, সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠানো এবং জিজ্ঞাসাবাদ করার এখতিয়ার থাকবে তাদের।

প্রজ্ঞাপন জারির দিন থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে সরকারের কাছে প্রতিবেদন দিতে হবে কমিশনকে। সাচিবিক সহায়তা দেবে স্বাস্থ্য সেবা বিভাগ। তদন্তের খরচ মেটানো ও কাজে সহায়তার জন্য ওই বিভাগ বা এর অধীন প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকেও যুক্ত করা হবে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয় এবং এরপর থেকে শিশুমৃত্যু বাড়তে থাকে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ শিশু মারা গেছে। এর বাইরে পরীক্ষায় হাম শনাক্তের পর মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা এখন ১ হাজার ২৫৪।

অধিদপ্তরের তথ্য বলছে, এবারের প্রাদুর্ভাবে পাঁচ বছরের কম বয়সী শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত। টিকা সংগ্রহে দেরি ও ব্যবস্থাপনার দুর্বলতা নিয়ে যে অভিযোগ উঠেছে, কমিশনের তদন্তে তার কারণ ও দায়ীদের পরিচয় বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

All Categories