হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ডাকসু নির্বাচনে বাধা নেই

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন অ্যাডভোকেট শিশির মনির।

তিনি বলেন, এ আদেশের ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা নেই।

এর আগে আজ বিকেল ৪টার কিছু পরে হাইকোর্ট ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।

শিক্ষার্থী ঐক্যজোট মনোনীত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এসএম ফরহাদ হোসেনের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের প্রেক্ষাপটে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

All Categories