হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুল্যান্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১টা ৫৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি উড্ডয়ন করে।
এর আগে বেলা ১১টা ২২ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরে দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে শরিফ ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর দেড়টার কিছু আগে তাঁকে বহনকারী অ্যাম্বুল্যান্সটি বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
হাসপাতাল সূত্র জানায়, আইসিইউ থেকে সরানোর সময় হাদির শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল ও অনুকূল ছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ ব্যবস্থায় তাঁকে নিচে নামানো হয়। এ সময় তাঁর দুই ভাই সঙ্গে ছিলেন।
হাদির চিকিৎসা–সংক্রান্ত সংশ্লিষ্টরা জানান, আইসিইউ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নেওয়ার পুরো প্রক্রিয়া অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। তাঁর বর্তমান অবস্থা বিবেচনায় চিকিৎসকেরা বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
এদিকে শরিফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুল্যান্সে তুলে দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তাঁর বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। তাঁরা হাদির শারীরিক অবস্থা ও চিকিৎসা–সংক্রান্ত সার্বিক বিষয় তদারকি করেন।
হাদির পরিবার ও শুভানুধ্যায়ীরা তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।