গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
আজ শনিবার সকাল ১০টার দিকে মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় আগুন লাগার খবর পাওয়ার পর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও ১০টি ইউনিট যুক্ত হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, যে ফ্লোরে আগুন লেগেছে, সেটি মূলত গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। সেখানে মোবাইল এক্সেসরিজসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের গুদাম রয়েছে। আগুন লাগার সময়ও সেখানে কিছু লোকজন উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী মো.কামাল বলেন, ১১টার দিকে এসে দেখি আগুন জ্বলছে। গতকাল শুক্রবার মার্কেট বন্ধ ছিল। সকালে মার্কেট খুলতেই আগুন লাগে। ভেতরে ইলেকট্রনিক পণ্যের দোকান ও গুদাম ছিল। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এখনই বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বিপণিবিতান ও আশপাশের এলাকা থেকে বহু মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। এতে করে আগুন নিয়ন্ত্রণে বিঘ্ন ঘটে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভিড় সরিয়ে দিতে কাজ করছেন।