গরমে ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো
গ্রীষ্ণকালের অতিরিক্ত গরমে শরীরের পাশাপাশি ত্বকেরও বিশেষ যত্ন প্রয়োজন। গরমের তীব্রতা যেমন পানিশূন্যতা বাড়ায়, তেমনই এর প্রভাব পড়ে ত্বকেও—ত্বক হয়ে পড়ে শুষ্ক, রুক্ষ এবং উজ্জ্বলতা হারিয়ে ফেলে। পুষ্টিবিদদের মতে, এই সময় ত্বকের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় কিছু পরিবর্তন আনাই সবচেয়ে কার্যকর উপায়।
ভারতের খ্যাতনামা পুষ্টিবিদ ড. সুচরিতা সেনগুপ্ত বলেন, ‘ত্বককে ভেতর থেকে পুষ্ট করতে হলে খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগী হওয়া জরুরি। সঠিক খাবার খেলে শুধু ত্বক নয়, পুরো শরীরই সুস্থ থাকে।’ তাঁর মতে, যাঁরা উজ্জ্বল, তারুণ্যদীপ্ত ও পরিচ্ছন্ন ত্বক চান, তাঁদের খাদ্যতালিকায় কিছু মৌলিক পরিবর্তন আনাই যথেষ্ট।
ড. সুচরিতা বলেন, ‘ত্বকের যত্নে আলাদা কোনো “ডায়েট প্ল্যান” প্রয়োজন নেই। বরং প্রতিদিনের খাবারে একটু নজর দিলে তা ত্বকের ওপর দারুণ প্রভাব ফেলে।’ এ ছাড়া পর্যাপ্ত পানি পান, ঘুম, মানসিক চাপ কমানো ও ব্যায়াম—এসব উপাদানও ত্বক ভালো রাখার জন্য সমান গুরুত্বপূর্ণ।
কোন কোন খাবার রাখবেন খাদ্যতালিকায়?
তাজা মৌসুমি ফল ও সালাদ
প্যাকেটজাত জুস বাদ দিয়ে তাজা ফল খান। এতে ভিটামিনের পাশাপাশি ফাইবার থাকে, যা হজম ভালো রাখে। হজম ভালো থাকলে তার ছাপ পড়ে ত্বকেও।
চিনি, লবণ ও প্রিজারভেটিভ কমান
অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, চিনি, লবণ এবং জাঙ্ক ফুড বাদ দিন। এগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করে, যার প্রভাব ত্বকে পড়ে ব্রণ, র্যাশ বা নিস্তেজভাবের মাধ্যমে।
স্বাস্থ্যকর চর্বি যোগ করুন
ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে মাছ, বাদাম ও ড্রাই ফ্রুট খাদ্যতালিকায় রাখুন।
দই, বাটারমিল্ক ও হলুদের ব্যবহার
এই খাবারগুলো শুধু ত্বক নয়, চুলের জন্যও উপকারী। এগুলোর অ্যান্টি-অক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের জন্য দারুণ কার্যকর।
ফ্ল্যাক্সসিড, সূর্যমুখী ও তরমুজের বীজ
এই বীজগুলোতে থাকা ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক ও অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পুষ্টি দেয়। সালাদ বা স্মুদিতে সহজেই যোগ করে খাওয়া যায়।
ডিম ও টমেটো
ডিমে থাকা বায়োটিন ও ভিটামিন বি ত্বকের কোষ মেরামতে সাহায্য করে। টমেটোতেও রয়েছে লাইকোপিন, যা ত্বকের সুরক্ষায় কাজ করে। টমেটো মুখে লাগালেও উপকার, তবে খাওয়ার মাধ্যমে এর পুষ্টিগুণ বেশি কার্যকর হয়।
ড. সুচরিতা মনে করেন, খাদ্যতালিকার ছোট ছোট পরিবর্তন এবং কিছু সাধারণ অভ্যাসই পারে গরমের দিনে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে।