গরমে পানিশূন্যতা রোধে উপকারী যেসব ফল

গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে পানির অভাব দেখা দেয়, যা থেকে ক্লান্তি, দুর্বলতা ও পানিশূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে। এ সময় শরীর সুস্থ রাখতে প্রয়োজন পর্যাপ্ত পানি ও সঠিক খাদ্যাভ্যাস। বিশেষজ্ঞদের মতে, গরমের দিনে ভাজাভুজি ও তেল-মসলাদার খাবার এড়িয়ে বেশি করে পানিময় ফল ও শাকসবজি খাওয়া উচিত।

এই সময়ে এমন কিছু মৌসুমি ফল রয়েছে, যেগুলো শুধু শরীরকে হাইড্রেটেড রাখে না, বরং ভিটামিন ও খনিজ পদার্থের ঘাটতিও পূরণ করে।

তরমুজ
গ্রীষ্মের সবচেয়ে জনপ্রিয় ফল তরমুজে রয়েছে ৯০ শতাংশের বেশি পানি। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং দ্রুত শক্তি জোগায়। তরমুজে থাকা পটাশিয়াম ও ভিটামিন সি শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য রক্ষা করে।

শসা
প্রতিদিনকার খাবারে শসা রাখলে শরীর সহজেই হাইড্রেটেড থাকে। এতে রয়েছে ৯৫ শতাংশ পানি। শসায় থাকা ফাইবার ও খনিজ পদার্থ হজমে সহায়তা করে এবং শরীরকে রাখে ঠান্ডা। সালাদ বা কাঁচা অবস্থায় খাওয়াই উপযুক্ত।

বাঙ্গি
এই ফলেও প্রায় ৯০ শতাংশ পানি রয়েছে। বাঙ্গি শরীর ঠান্ডা রাখে ও হজমশক্তি বাড়াতে সহায়ক। এতে থাকা ভিটামিন এ ও সি ত্বক উজ্জ্বল করে এবং শরীর থেকে টক্সিন দূর করে।

আনারস
টক-মিষ্টি স্বাদের এই ফলে রয়েছে ৮৬ শতাংশ পানি। আনারসে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। নিয়মিত আনারস খাওয়ার মাধ্যমে শরীরে পানির ঘাটতি পূরণ সম্ভব।

জামরুল
রক্ত পরিশোধন ও শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে জামরুলের কার্যকারিতা অনন্য। এই ফলে পানি রয়েছে প্রচুর পরিমাণে, যা শরীরের পানির ভারসাম্য রক্ষা করে এবং গ্রীষ্মে সতেজ রাখে।

গরমে সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় এই ফলগুলো রাখার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদরা। পর্যাপ্ত পানি পানের পাশাপাশি এসব ফল শরীরকে ঠান্ডা ও হাইড্রেটেড রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

All Categories