গরমে আরামদায়ক কোন রঙের পোশাক ‍

চলছে চৈত্র মাস। ঋতুর পালাবদলে প্রকৃতি যেন আগুন ঝরাচ্ছে। দুপুরের তপ্ত রোদে কয়েক মুহূর্তও বাইরে দাঁড়িয়ে থাকা যেন দায়। ছায়া না পেলে রীতিমতো মাথা ঘুরে যাওয়ার জোগাড়।

এই খরতাপে স্বস্তি পেতে তাই পোশাক নির্বাচনেও চাই বাড়তি মনোযোগ। অনেকেই ভাবেন, গরমে কী ধরনের রং বা পোশাক পরা উচিত। প্রশ্নটা যথার্থ, কারণ ঠিকঠাক রং বাছাই না করলে অস্বস্তি যেমন বাড়ে, তেমনি স্টাইলও ফিকে হয়ে যায়। তাই এমন পোশাকই চাই, যা আরামদায়ক হওয়ার পাশাপাশি ট্রেন্ডিতেও রাখবে আপনাকে একধাপ এগিয়ে।

অনেকেই গরমে সাদা রঙের পোশাক বেছে নেন। বিজ্ঞান বলছে, সাদা রং সূর্যের তাপ কম শোষণ করে, ফলে শরীর থাকে তুলনামূলক ঠান্ডা। তবে শুধু সাদা নয়, এমন আরও কিছু রং রয়েছে, যেগুলো গরমে দিতে পারে স্বস্তি আর স্টাইল দুয়েরই নিশ্চয়তা। চলুন জেনে নেওয়া যাক, গরমে পরার জন্য উপযোগী ও আকর্ষণীয় কয়েকটি রঙের কথা।

১. আকাশি

চৈত্রের রোদের মাঝে অফিস কিংবা নিমন্ত্রণে যাওয়ার জন্য আদর্শ হতে পারে আকাশি রঙের পোশাক। চোখ ও মন দুটোতেই শান্তি আনে এই রং। আকাশির হালকা ভাব গরমে এনে দেয় ঠান্ডা অনুভূতি। সালোয়ার-কামিজ, শার্ট, কিংবা কুর্তি—সব ক্ষেত্রেই আকাশি রঙ বেছে নেওয়া যেতে পারে নির্দ্বিধায়।

২. ধূসর

সাদা রঙের পর আরেকটি আরামদায়ক ও স্টাইলিশ বিকল্প হলো ধূসর। সব মৌসুমেই ধূসর রং মানানসই হলেও গরমে এটি বিশেষ স্বস্তিদায়ক। ধূসর রং তাপ শোষণ করে কম, ফলে রোদে ঘেমে যাওয়ার আশঙ্কাও কমে যায়। ফরমাল কিংবা ক্যাজুয়াল—সব ধাঁচের পোশাকেই ধূসর তৈরি করে অনন্য এক লুক।

৩. প্যাস্টেল

গরমের জন্য আদর্শ এক রঙের পরিবার—প্যাস্টেল। এই গোত্রে পড়ে মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার, প্যেল ইয়েলো, বেবি পিঙ্ক, মভ ইত্যাদি। সূর্যের তাপ তেমন একটা শোষণ করে না এসব হালকা রং, ফলে দিনের বেলাতেও স্বস্তি পাওয়া যায়। সঙ্গে মেলে আকর্ষণীয় ও স্টাইলিশ লুক। গরমে শপিংয়ের সময় চোখ রাখুন প্যাস্টেল শেডের দিকেই।

৪. বেজ

গরমে সবচেয়ে আরামদায়ক রঙগুলোর একটি হলো বেজ। সূর্যের তাপ প্রতিফলিত করে শরীর রাখে ঠান্ডা। দেখতে কিছুটা সাদা ও ধূসরের মিশ্রণের মতো হলেও বেজ রঙে রয়েছে আলাদা শীতলতা। ফ্যাশনপ্রেমীদের কাছেও এখন বেজ রং বেশ জনপ্রিয়। বেজ রঙের পোশাকে যেমন আরাম, তেমনি রয়েছে ট্রেন্ডির ছোঁয়াও। অফিস কিংবা ক্লাস—সবখানেই মানিয়ে যায় এই রং।

চৈত্রের দাবদাহে শুধু আরাম নয়, ফ্যাশনেও থাকতে চাই আধুনিক। তাই পোশাক নির্বাচনের সময় রঙের গুরুত্ব ভুলে গেলে চলবে না। হালকা, স্বস্তিদায়ক আর ট্রেন্ডি এসব রং—আকাশি, ধূসর, বেজ ও প্যাস্টেল—এই গরমে হতে পারে আপনার ফ্যাশন বন্ধু।

All Categories