গোপালগঞ্জে প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিক্ষোভ মিছিল ও সহিংসতা

গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলকারীরা পুলিশের বাধারেখা ভেঙে শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ দেখায় এবং একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এতে করে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সড়কে জনজীবন ব্যাহত হয়।

রোববার সকাল ১১টা থেকে জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে প্রবেশ শুরু করেন। দুপুরে তারা শিশু পার্ক ও বিসিক এলাকায় জমায়েত হয় এবং পরবর্তীতে লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা দিয়ে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। মিছিলে হাজারো নেতা-কর্মীর অংশগ্রহণ ছিল এবং তাদের হাতে লগি, বৈঠা ও দেশীয় অস্ত্রও ছিল। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

বিক্ষোভকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের গেটে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামে একটি ব্যানার টানিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরের নাম পরিবর্তন করে ‘জয় বাংলা চত্বর’ নামকরণ করা হয়।

তাদের আগ্রাসনে শহরের এফএনএফ সুপারশপের কাচ ভাঙচুরের পাশাপাশি শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন জ্বালানো হয়। লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ চালানো হয়।

মিছিলে ছাত্রলীগ নেতা রাজু খান ও সামসুল হক লঞ্চঘাট এলাকায় বক্তব্য দেন।

এদিকে, বিক্ষোভের কারণে জেলা শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। লঞ্চঘাট, বাজার ও জেলা প্রশাসকের কার্যালয়ের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকেন। পুলিশের সঙ্গে বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যরাও দায়িত্ব পালন করেন এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

দুপুর দেড়টার পর মিছিলকারীরা ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে সরে যেতে থাকলে শহরে যান চলাচল ও দোকানপাট ধীরে ধীরে স্বাভাবিক হয়।

All Categories