গণভোট প্রশ্নে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে দলগুলোকে এক সপ্তাহের সময় দিলো সরকার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দেওয়ার জন্য আগামী এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সরকার। সময়সীমার মধ্যে দলগুলো একমত না হলে সরকার নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা।

আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে আলোচনার ভিত্তিতে এক সপ্তাহের মধ্যে সরকারকে জানাতে আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, এই সময়ের মধ্যে যদি কোনো ঐক্যমত্য না আসে, তাহলে সরকার নিজস্ব সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে জাতীয় ঐক্যমত কমিশনের প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা ও ঐকমত্য গঠনের প্রচেষ্টাকে ধন্যবাদ জানানো হয় সভায়।

আসিফ নজরুল বলেন, গণভোটের সময়সূচি, বিষয়বস্তু এবং জুলাই সনদে থাকা কিছু সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। এসব বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ জরুরি বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।

তিনি বলেন, গণভোট কখন হবে, কী বিষয়ে হবে এবং সনদে থাকা ভিন্নমতের বিষয়গুলো কীভাবে সমাধান করা হবে—এসব প্রশ্নে দ্রুততম সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।

সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে যত দ্রুত সম্ভব, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যেই, স্পষ্ট দিকনির্দেশনা জানাবে বলে আশা করা হচ্ছে।

পরিস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বাড়লেও, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দেশজুড়ে রাজনৈতিক মহল।

All Categories