ঘরোয়া উপাদানে মাত্র ১০ মিনিটে জিলাপি তৈরি
রমজান মাস এলেই ইফতারিতে নানা ধরনের মুখরোচক খাবার থাকে, আর তার মধ্যে জিলাপির আলাদা কদর রয়েছে। এই মিষ্টি খাবারটি কেবল স্বাদে নয়, ইতিহাসেও বেশ সমৃদ্ধ।
জিলাপির আগমন আমাদের দেশে মধ্যযুগে, তুর্কিদের হাত ধরে। তবে জিলাপির উদ্ভব হয়েছিল মিশরে, ইহুদি সম্প্রদায়ের মাধ্যমে। ইরানে এটি "জেলেবিয়া" নামে পরিচিত ছিল এবং রমজান মাসে গরীব-মিসকিনদের মধ্যে এটি বিতরণ করার প্রথা ছিল। ভারতে ১৫০০ শতকে জিলাপিকে "কুণ্ডলিকা" বলা হতো। ইতিহাসবিদদের মতে, ১৬০০ খ্রিস্টপূর্বাব্দে রচিত সংস্কৃত গ্রন্থ "গুণ্যগুণবোধিনী"-তে এমন এক মিষ্টির বিবরণ পাওয়া যায়, যার রন্ধন প্রক্রিয়া আধুনিক জিলাপির সঙ্গে বেশ মিল রয়েছে।
ঘরেই বানান মজাদার জিলাপি: দোকান থেকে না কিনে, ইফতার আয়োজনে ঘরেই তৈরি করে নিতে পারেন গরম গরম জিলাপি।মাত্র কয়েকটি সহজ উপকরণ আর একটু সময়েই বানানো সম্ভব সুস্বাদু এই খাবারটি।
উপকরণ: ময়দা: ৫০০ গ্রাম দই: ১০০ গ্রাম চিনির রস: ১ কেজি ঘি বা তেল: ৫০০ গ্রামগোলাপজল: ১ টেবিল চামচ (ঐচ্ছিক) কেশর: এক চিমটে (ঐচ্ছিক)
প্রস্তুত প্রণালী: প্রথমে ময়দা ও দই অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মেখে নিন, যেন মিশ্রণটি মসৃণ হয়। এরপর ৮ থেকে ১০ ঘণ্টা ঢেকে রেখে দিন, যাতে মিশ্রণটি ফারমেন্ট হয়ে যায়।
এবার চিনির পাতলা রস তৈরি করে নিন। এর জন্য ১ কেজি চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে হালকা আঁচে জ্বাল দিন। চাইলে এতে সামান্য গোলাপ জল বা জিলাপির রং গাঢ় করতে কেশর মিশিয়ে দিতে পারেন।
একটি কড়াইয়ে ঘি বা তেল গরম করুন। এর মধ্যে দই-ময়দার মিশ্রণটি পেস্ট্রি ব্যাগে ভরে নিন। পেস্ট্রি ব্যাগ না থাকলে পরিষ্কার কাপড়ের কোনা কেটে তাতে মিশ্রণ ভরে নিতে পারেন।
গরম তেলে প্যাঁচ দিয়ে একটি একটি করে জিলাপি ছাড়ুন। হালকা সোনালি রং হলে তুলে সঙ্গে সঙ্গে চিনির রসে দিন। কিছুক্ষণ রসে ডুবিয়ে রেখে অন্য পাত্রে তুলে নিন।
তৈরি হয়ে গেল ঘরোয়া মজাদার জিলাপি। গরম গরম পরিবেশন করুন।
রমজান মাসে ইফতারি আয়োজন জমিয়ে তুলতে ঘরোয়া জিলাপি হতে পারে অন্যতম আকর্ষণ। সুগন্ধ আর রসে ভেজা প্রতিটি জিলাপি আপনাকে এনে দেবে এক অনন্য স্বাদ ।