গাঁজা পাতায় ক্যানসারের চিকিৎসা? নতুন আশার আলো দেখছেন গবেষকেরা

গাঁজা শব্দটি শুনলেই অনেকের চোখ কপালে উঠবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, চিকিৎসা বিজ্ঞানে এখন গাঁজা নতুন আশার আলো হয়ে উঠছে। সাম্প্রতিক এক গবেষণায় দাবি করা হয়েছে, গাঁজা থেকে তৈরি ওষুধ ক্যানসার প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

ব্রিটেনের হোল হেলথ অনকোলজি ইনস্টিটিউট-এর গবেষকেরা দীর্ঘদিন ধরেই ‘মেডিক্যাল ক্যানাবিস’ নিয়ে কাজ করছেন। তাঁদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী ফ্রন্টিয়ার্স ইন অনকোলজি-তে। গবেষকেরা জানিয়েছেন, গাঁজা পাতায় থাকা ‘টেট্রাহাইড্রক্যানাবিনল’ নামের একটি উপাদান ক্যানসার কোষ ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই গবেষণায় প্রায় ১০ হাজার ক্যানসার রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে। ফলাফল যথেষ্ট ইতিবাচক। গবেষকেরা বলছেন, ‘টেট্রাহাইড্রক্যানাবিনল’ কেবল ক্যানসার কোষ ধ্বংসই করে না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণে বাড়িয়ে দেয়। এমনকি এই উপাদানটি এডস রোগীদের ক্ষেত্রেও কার্যকর বলে দাবি করা হয়েছে।

ক্যানসার চিকিৎসক ডা. রিয়ান কাসল বলেন, “গাঁজা থেকে তৈরি ওষুধ ইঁদুরের উপর পরীক্ষা করে দেখা গেছে, এটি শরীরের প্রদাহ কমায়, ক্যানসার কোষের বৃদ্ধি ও বিভাজন থামিয়ে দেয়। তিনি আরও জানান, এই ওষুধ শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটাতে পারে। উদ্বেগ ও উৎকণ্ঠা কমাতেও এটি কার্যকর।

বর্তমানে ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি ও রেডিয়োথেরাপির উপর ভরসা করতে হয়, যেগুলো ক্যানসার কোষের পাশাপাশি শরীরের সুস্থ কোষকেও ক্ষতিগ্রস্ত করে। কিন্তু গাঁজা থেকে তৈরি ওষুধ শরীরের সুস্থ কোষে আঘাত না করেই ক্যানসার কোষ ধ্বংসে সক্ষম বলে গবেষকেরা দাবি করছেন।

তাঁদের মতে, এই ওষুধ ক্যানসার কোষ টার্গেট করে শরীরের টি-কোষগুলোকে (রোগ প্রতিরোধকারী কোষ) আরও সক্রিয় করে তোলে। ফলে, শরীর নিজেই ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই করতে পারে।

চিকিৎসাবিজ্ঞানে এই আবিষ্কার ভবিষ্যতের ক্যানসার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে আশা করছেন গবেষকেরা। যদিও এর প্রয়োগ ও বাণিজ্যিক ব্যবহার এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এই সাফল্য নিঃসন্দেহে ক্যানসার চিকিৎসায় এক নতুন দিক নির্দেশ করছে।

All Categories