গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ওয়াশিংটনে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা এবং ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও অ্যাক্টিভিস্টদের ওপর ট্রাম্প প্রশাসনের দমনপীড়ন বন্ধের দাবিতে শনিবার ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ, যারা সড়কে নেমে এই বর্বরতা এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিপুল এই সমাবেশে ৩০০টিরও বেশি সংগঠন সমর্থন জানিয়েছে। প্যালেস্টাইন ইয়ুথ মুভমেন্ট, দ্য পিপলস ফোরাম, ইহুদি ভয়েস ফর পিস, এবং অ্যানসার কোয়ালিশনসহ বেশ কয়েকটি অ্যাডভোকেসি গ্রুপ এই প্রতিবাদের পৃষ্ঠপোষকতা করেছে।
বিক্ষোভকারীরা ৩ নম্বর স্ট্রিট এনডব্লিউ ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউ এনডব্লিউয়ের চৌরাস্তায় একত্রিত হয়ে মিছিল শুরু করে এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সদর দপ্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী ও শিক্ষাবিদদের মুক্তির দাবি জানান। এ সময়, তারা গাজায় নিহত শিশুদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করে এবং শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্বাসিত করার নিন্দা জানায়।
প্রতিবাদকারীরা গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে শাস্তির দাবি করেন, যার ফলে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লক্ষাধিক ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।