গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, নিহত ৪০

গাজা উপত্যকায় ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

আল-জাজিরার বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোরে (১ জুন) দক্ষিণ ও মধ্য গাজার মার্কিন-সমর্থিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। হাজারো মানুষ সেখানে ত্রাণ সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ভোরের দিকে যখন লোকজন ত্রাণের আশায় এগিয়ে যাচ্ছিলেন, তখনই ইসরায়েলি সামরিক যান থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

নিহতদের মধ্যে ৩৯ জন দক্ষিণের রাফা এলাকায় এবং ১ জন নেটজারিম করিডোরের কাছে মারা যান বলে জানিয়েছে আল-জাজিরা। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজায় ১৮ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি অভিযানে ইতিমধ্যে মানবিক পরিস্থিতি বিপর্যস্ত হয়ে পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, পুরো গাজা অঞ্চল দুর্ভিক্ষের চরম ঝুঁকিতে রয়েছে।

এ অবস্থাতেও ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষদের ওপর হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। অনেকেই এটিকে সরাসরি মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসেবে দেখছেন।

All Categories