গাজায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় দুই শতাধিক নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ বিমান হামলায় আজ মঙ্গলবার ভোরে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল আল দেকরান রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হামলাগুলো এমন এক সময়ে চালানো হয়েছে, যখন গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গাজার উত্তরাঞ্চল, গাজা সিটি, দেইর আল-বালাহ, খান ইউনিস ও রাফাহসহ বিভিন্ন স্থানে একাধিক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বেশ কয়েকটি নির্দিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে এবং যতদিন প্রয়োজন, ততদিন এ অভিযান চলবে। শুধু বিমান হামলায় সীমাবদ্ধ না থেকে অন্যান্য সামরিক কার্যক্রমও পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

গত ১৯ জানুয়ারি গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে কয়েক সপ্তাহ ধরে চলা প্রচেষ্টা ব্যর্থ হয়। এরই মধ্যে ইসরায়েল নিয়মিত সন্দেহভাজন ব্যক্তি বা ছোট দলকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে আসছিল। তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি এবং তা গাজায় নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অভিযোগ করেছে যে, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে এবং এর ফলে গাজায় এখনো আটক থাকা ৫৯ জন বন্দির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে।

এই সাম্প্রতিক হামলা গাজা উপত্যকার মানবিক সংকটকে আরও গভীরতর করেছে। বহু পরিবার তাদের প্রিয়জনদের হারিয়ে শোকে মুহ্যমান, আর পুরো অঞ্চলজুড়ে নেমে এসেছে আতঙ্ক ও বিপর্যয়। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া জীবিতদের উদ্ধারে চলছে তৎপরতা, আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় হাসপাতালগুলো।

All Categories