গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করলো ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন।
গত ১৮ মার্চ ইসরায়েলি হামলায় গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিস নিহত হলে, তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। কিন্তু কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো।
রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামাসও বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমাইল বারহুম নাসের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই ইসরায়েলি বাহিনী তাকে হত্যা করে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, 'রোববার সন্ধ্যায় গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে।'
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও বিবিসি অ্যারাবি এই হামলার দৃশ্য ধারণ করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, আলজাজিরার এক সাংবাদিক নাসের হাসপাতালের সামনে থেকে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় মিসাইল সদৃশ কিছু একটি হাসপাতালে আঘাত হানে।
হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায়। এতে আরও আটজন আহত হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি নতুন করে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনায় গাজা উপত্যকায় উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির প্রতি গভীর নজর রাখছে এবং সংঘর্ষের অবসানের আহ্বান জানাচ্ছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল