‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ পুড়ে যাওয়ায় যা জানালো চারুকলা অনুষদ

পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুত করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফটি কে বা কারা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি।

শনিবার (১২ এপ্রিল) সকালে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখের স্বাক্ষরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্যাসিবাদের প্রতীকী মোটিফসহ ‘শান্তির পায়রা’ মোটিফটিও আংশিকভাবে আগুনে পুড়ে গেছে। এসব মোটিফ বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত আনন্দ শোভাযাত্রার অংশ হিসেবে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তৈরি করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মোটিফগুলো চারুকলা অনুষদের দক্ষিণ পাশের গেটসংলগ্ন একটি প্যান্ডেলের ভেতরে রাখা ছিল। ধারণা করা হচ্ছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার পেছনের কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “ভোর ৪টা ৪৫ থেকে ৫টার মধ্যে আগুন লাগতে পারে। কারণ ওই সময় মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ে গিয়েছিলেন। সেই সুযোগে কেউ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

তবে কীভাবে আগুন লেগেছে বা কারা এই ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

All Categories