ফ্যামিলি কার্ড পেলেন ৩৭ হাজার নারী
সরকার গঠনের ২১ দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে নারীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠ-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রথম ধাপে ১৭ জন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। এরপর তিনি ল্যাপটপে বাটন চাপলে উপকারভোগীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যায়। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা ভাতা পাবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। তাদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি এলাকায় প্রায় ৩৭ হাজার নারীকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রায় চার কোটি পরিবারের প্রধান নারী সদস্যের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করার কথাও জানান তিনি।
তারেক রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবে।