ফরিদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, নিহত ৫

ফরিদপুরের সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩২ জন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গেরদা ইউনিয়নের জোবায়দা-করিম জুট মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস  বলেন, যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি পিলারে ধাক্কা খায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শেষে দুর্ঘটনা–সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে।

All Categories